বিদায়লগ্ন
আমার সমস্ত আকাশটা যেন ভেঙে পড়ছে ঝরে।
তুই বলেছিলি পেন ধরতে আবার, লিখছি আমি তাই।
আমি কষ্ট দেবনা বলেছি... জানি ভালোবাসলেই কষ্ট পাবি।
তবু কষ্ট দিয়েই ভালোবাসতে চাই।
এখন পূজোর শেষে ছড়িয়ে ছিটিয়ে আছে শুধু ছাই-ধূপ।
ঘরে এখনো তোর গন্ধটা মিশে আছে।
আস্তে আস্তে যাচ্ছে চলে সব হিসেবপত্র মিটিয়ে।
একাকীত্ব ডাকছে আমায় কাছে।
যেন উৎসব শেষে পুনরায় নীরবতা।
যেন ঘরে ফেরার এসেছে ভেসে আর্তি।
কষ্ট দেবনা বলেছি... জানি ভালোবাসলেই কষ্ট পাবি।
একটু উনিশ-বিশেই নাহয় থাকতে পারতি?
আমি ভুলেই গেছিলাম যে তুই তো চলেই যেতি
অন্য কারোর কাছে, আজ নাহয় কাল।
ভুলেই গেছিলাম তুই যে স্বাধীন। বন্ধু ছিলিস আমার।
প্রেমের জোয়ারে ছিলাম টালমাটাল।
আজ সেই জোয়ারটা দেখ নিয়ে গেল সব ধুয়ে।
রইল পড়ে বালিতে স্মৃতির ছাপ।
থামবি না তুই যতই ডাকব আমি।
শোনাবে সবই অর্থহীন প্রলাপ।
আমি তো তীরে দাঁড়িয়ে, তবু তোর সামনে সাগর।
অনন্ত এক পথে দিয়েছিস পাড়ি।
এটুকুই ছিল হয়ত পথচলা।
রাখিস মনের কোণায়। চলিরে আমি...
Comments
Post a Comment