মূল্য হারানো এক চিঠি
যদি তুই নতুন একটি সম্পর্কে আসিস, তাহলে হয়ত আমি শুধুই তোকে নিষ্প্রভ কন্ঠে 'Congratulations' অথবা 'ভালো থাকিস তোরা' বলে তোর দিকে কয়েক মুহুর্ত তাকিয়ে থাকব। হয়ত আমি চেষ্টা করব আপ্রাণ তোকে নিজের মতো করে ভালোবেসে যাওয়ার, আর হয়ত ভালোবাসবও, কিন্তু যদি জিজ্ঞেস করিস, কষ্ট পাব কিনা, আমি না বলতে পারব না। হ্যাঁ, কষ্ট যথেষ্টই হবে আমার। এর কারণ, বৃত্তান্ত আমি জানি না, ভালোবাসায় এত প্রশ্ন থাকেনা, শুধু অনুভূতিটুকুই থাকে। যার মধ্যে যন্ত্রণা অন্যতম।
আজ যখন তুই চলে গেলি, আর আমি বসেছিলাম ঠিক ঐ মোড়টায়, তুই ফিরে তাকালি না। আমি কিন্তু প্রতিবারই আশা করে থাকি যে, তুই আসবি। তুই অনেকদুর চলে গিয়েছিলি, আমার মনের একটা দিক বলেছিল যে, ফিরে যেতে। কিন্তু না, এবার আর আমি তোকে ভেসে যেতে দিইনি।
তারপর যখন চলে গেলি, আমার গলা ভরে আসছিল, চোখের জল সামলাতে পারব কিনা সংশয়ে ছিলাম, তাই তুই যখন বলছিলিস "সাবধানে যাস", "Take care", আমি হুম এর বেশি কিছু বলতে পারিনি।
আমার কষ্ট হচ্ছিল খুবই এটা কল্পনা করে যে তুই তাহলে অন্য কারোর হয়ে যাবি খুব শীঘ্রই সম্ভবত। আমি আমাদের অতীত জানি। তুই বললি আজ যে, আমরা আগেই ভালো ছিলাম। আগেও আমি সাথে ছিলাম, তুই সম্পর্কে ছিলিস। কিন্তু আগে আর এখনকে কিকরে এক করি বল... এখন যে আমি অনেক অনেক অনুভূতির জালে জড়িয়ে গিয়েছি।
সেই জাল ছাড়াতে খুব খুব ব্যাথা তো হবেই। তুই তো খুব সহজে হাত কেঁটে ফেলিস, আমি না কাঁটতে পারিনা, সিগারেটও খাওয়ার অভ্যেস নেই তাই আমার যন্ত্রনাটা অনেক বেশী।
তুই যদি সম্পর্কে আসিস কারোর সাথে আর তাতে যদি তোর হাতের কাঁটাছেড়া সেরে ওঠে, তাহলে তুই এসে ঠিকই করবি। আর সেক্ষেত্রে আমার শুভেচ্ছা রইল। তুই তো অনেক বেশী বিচক্ষণ আমার থেকে, তুই সব ভেবেই করছিস।
যাই করিস, তুই ভালো থাকলেই হল।
সুখী থাকলেই হল।
Comments
Post a Comment