একাকী, বহমান

আমার পাড়ার প্রতিটি রাস্তায় ছড়িয়ে রয়েছে স্মৃতির কাঁটা,
আর মানুষ বলে ঘরকুনো হয়ে গেছি।
প্রতিটি দেওয়ালে, বাতাসে রয়েছে পুরোনো স্বপ্নগুলিকে আঁকা
তাদের পিছে আমি স্রেফ ধামাচাপা রয়ে গেছি।

আমার নেইকো শক্তি আর এই ভারী বোঝ বইবার
আমার নেইকো আর বোঝবার মতো মন।
আমি ভেঙে আজ চৌচির, পতিত ধৈর্যের প্রাচীর।
ঠেকিয়ে রেখেছিলাম আমি এই ক্ষণ, বহুক্ষণ।

আমার ক্ষমতায় তোর শঙ্কা যেদিন রেখে গিয়েছিল প্রশ্ন
আমি বুঝে গিয়েছিলাম ভাঙন হয়েছে শুরু।
সেদিন গর্জেছিল মেঘ, কান চেপে রেখেছিল আবেগ।
মেঘের আবরণী চেয়ে অনুভূতি ছিল পুরু।

এবার বয়ে শুধু যেতে চাই যেখানে ফুলের গন্ধ বয়
কারণ আমার হাতে নেই আজ কোনো টান।
পেছন হতে ডাক আসেনি, কোনো নিশ্বাস পাশে নেই।
আর আমি রব শুধু একাকী, বহমান।

Comments

Popular posts from this blog

Universe